নিউজডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আরব বিশ্বের ১০ দেশের কূটনৈতিকদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। বুধবার রাত পৌনে ৯টায় গুলশাল কার্যালয়ে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ঢাকাস্থ ১০টি মুসলিম দেশের রাষ্ট্রদূতরা দেখা করতে এলে এসব কথা হয়।
বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে আড়াই ঘণ্টাব্যাপী চলে। বৈঠকে প্যালেস্টাইন, সৌদি আরব, মিশর, ইরাক, কুয়েত, লিবিয়া, মরক্কো, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতরা অংশ নেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন খালেদা জিয়ার দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ, সৌদি আরবে বিএনপি চেয়ারপারসনের বিশেষ দূত মো. এনামুল হক চৌধুরী, এবং দলের ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী।বৈঠক শেষে সাংবাদিকদের শমসের মবিন চৌধুরী বলেন, “মূলত দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতন, সংবাদপত্রের কণ্ঠরোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।” তিনি বলেন, “বৈঠকের রাষ্ট্রদূতরা খালেদা জিয়াকে জানান, আগামী নির্বাচন গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ করতে সরকারি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গেও একে একে বৈঠক করবেন তারা।” তারা জানান, সাম্প্রাতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা স্বদ্যোগে এ বৈঠক করতে এসেছেন।
বৈঠকের অন্য আরেকটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের ১০ রাষ্ট্রদূতের সঙ্গে সাম্প্রাতিক রাজনৈতিক পরিস্থিতি, নবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কটাক্ষ, সংবাদপত্রের কণ্ঠরোধ ইত্যাদি বিষয়ও বিশেষ গুরুত্ব পেয়েছে। এ সময় সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার তথ্য চিত্র কূটনৈতিকদের কাছে তুলে ধরেন চেয়ারপারসনের একজন উপদেষ্টা।
