মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে নিয়ে টানা হ্যাঁচড়া

ঢাকা : হরতালের শুরুতে মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে আটকের চেষ্টা করে পুলিশ। তাকে নিয়ে বেশ কিছুক্ষণ টানা হ্যাঁচড়া চলে। শেষ পর্যন্ত তাকে আটক করেনি। পরে দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে যান দুদু। বর্তমানে তিনি একাই দলীয় কার্যালয়ে অবস্থান করছেন।
ঘটনার পরপরই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। গণতন্ত্র আজ পুলিশের বুটের নিচে। বাংলাদেশ আজ কারাগার, খালেদা জিয়া ও অল্প কিছু নেতাকর্মী বাদে বিরোধী দলের বেশিরভাগ নেতাকর্মীই এখন জেলে।
সরকারের ফ্যাসিবাদী আচরণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রতিটি মুহূর্তে নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। বিরোধী দলের কর্মসূচি চলছে, চলবে।
পুলিশের টানা হ্যাঁচড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে একে ন্যাক্কারজনক বলে অভিহিত করে তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি।