নিউজডেস্ক: রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রোববার সন্ধ্যা ৬টায় তিনি এখানে এসে পৌঁছান। এখানে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ব্যবস্থাপনায় বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে, রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের অনুমতি না পাওয়ায় তা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার সিদ্ধান্ত নেয় বলে বিএনপি সূত্র জানায়।
জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি আব্দুল মালেক সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘পুলিশ আমাদের রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠান করার অনুমতি না দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার মৌখিক অনুমতি দিয়েছে।”এদিকে, এর আগে জাসাসের ব্যবস্থাপনায় বিএনপির বাংলা বর্ষবরণের এ আয়োজনে সর্বোচ্চ জমায়েত করতে দলের মহানগর নেতাদের নির্দেশনা দেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডিসিসির সাবেক দলীয় কাউন্সিলরদের নিয়ে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তিনি ২৮ অথবা ২৯ এপ্রিল নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশেও সর্বোচ্চ জমায়েতের জন্য প্রস্তুতি নিতেও নির্দেশনা দেন।
