মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছেন দেশের মানুষ : শামসুজ্জামান দুদু

ঢাকা : সারাদেশে শান্তিপূর্ণ ও স্বত:স্ফূর্তভাবে জনগণ হরতাল পালন করছেন উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীরা আইয়ুব খান ও ইয়াহিয়ার ভাষায় কথা বলছেন। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন ।
দুদু বলেন, ‘সারাদেশে পুলিশ, র‌্যাব, বিজিবি, যুবলীগ ও ছাত্রলীগ মারমুখী আচরণ করছে। তারা আমাদের দাঁড়াতেই দিচ্ছে না। তারপরও সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছেন দেশের মানুষ। তিনি অভিযোগ করেন, বিএনপি অফিসে স্বাভাবিক কার্যক্রম নেই। গত রাত থেকে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না। অফিস স্টাফদেরও আসা-যাওয়ায় বাধা দেওয়া হচ্ছে। এছাড়া, হরতাল নিয়ে এ পর্যন্ত ৬০/৭০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। সরকারি দলের লোকদের হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি।
গাড়ি ভাঙচুর ও সহিংসতার উস্কানিদাতা হিসেবে সরকারকে চিহ্নিত করা যায় দাবি করে তিনি বলেন, তারা গণতন্ত্রকামীদের সন্ত্রাসী বলছে।
নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে সব সমস্যার সমাধান হবে বলেও মত দেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।
আন্দোলনে যত বাধাই আসুক না কেন জনগণের আন্দোলন সরকার দমাতে পারবে না বলেও জানান তিনি।