সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

নয়াপল্টনে গুলি-টিয়ার শেলে মিছিল ছত্রভঙ্গ: গাড়ি ভাঙচুর

নিউজডেস্ক : নয়াপল্টনে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুঁড়ে মঙ্গল ও বুধবারের সমর্থনে বের হওয়া মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।   সোমবার বেলা সাড়ে ১১টার পর পুলিশ মিছিলটিতে গুলি চালায়। একই সঙ্গে কয়েকটি টিয়ারশেল ছোঁড়ে। এ ঘটনার জেরে নয়াপল্টন ও ফকিরাপুল পানির ট্যাঙ্কির কাছে কয়েকটি গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা হয়ে পড়ে জনশূন্য। বেলা ১২টা নাগাদ পরিস্থিতি শান্ত হয়ে এলে ফের যান চলাচল শুরু হয়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান, সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সেক্রেটারি হাবিবুর রশিদের নেতৃত্বে ছাত্রদলের একটি মিছিল হরতালের পক্ষে স্লোগান দিতে দিতে ফকিরাপুল থেকে নয়াপল্টনের দিকে আসছিলো। এ সময় হঠাৎ মিছিলে পেছনের অংশ গাড়ি ভাঙচুর শুরু করলে ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। একই সঙ্গে দু’টি টিয়ার শেলও ছোঁড়ে। এ পরিস্থিতিতে ব্যানার গুটিয়ে উল্টো দিকে সরে পড়েন ছাত্রদল নেতারা। এদিকে একই সময়ে ভাসানি মিলনায়ন থেকে একটি সভা শেষে প্রেসক্লাবের দিকে যেতে থাকা মহিলা দল কর্মীরা পুলিশি অ্যাকশনের মুখে পড়ে নিরাপদ আশ্রয়ে সরে যান।