মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে

ডেস্ক রিপোর্ট : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবিতে বিরোধী জোট এই হরতালের ডাক দেয়। রোববার হেফাজতে ইসলামের ডাকে হরতালের পরদিন থেকে বিরোধী দলের এই হরতাল নিয়ে পরপর তিনদিন হরতালের মুখে পড়েছে দেশ।

গত রোববার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির আট জন নেতার জামিন আবেদন বাতিল হবার পর, তাদের গ্রেফতার করা হলে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এই হরতালের ডাক দেয়। সোমবার রাতে দলটির আরো একজন কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমদকেও গ্রেফতার করা হয়।
বিএনপির শীর্ষ নেতাদের অধিকাংশই এখন কারাগারে রয়েছেন। এই নেতাদের মুক্তির দাবিতে টানা ৩৬ ঘণ্টার এ হরতালটি শেষ হবে বুধবার বিকেল ৬টায়।