ডেস্ক রিপোর্ট : গণহত্যা বন্ধ ও অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আগামী ২০ এপ্রিল রাজশাহী ও রংপুর বিভাগের সব মহানগরী, জেলা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
একই সঙ্গে ২০ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় নেতাদের মুক্তি দেয়া না হলে আগামী ২১ এপ্রিল রোববার রাজশাহী ও রংপুর বিভাগে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করা হবে বলেও ঘোষণা দেয়া হয়।বুধবার দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেণ্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু এই কর্মসূচি ঘোষণা দেন।
এ সময় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলুসহ অন্য নেতারা বক্তব্য দেন।
বিএনপি নেতা মিজানুর রহমান মিনু লিখিত বক্তব্যে আরো বলেন, “আওয়ামী লীগ সরকার তার পুরানো অভ্যাস অনুযায়ী আবারও সংবাদপত্রের ওপর নগ্ন হস্তক্ষেপ শুরু করেছে। তিনি অবিলম্বে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং বিএনপি নেতা ইলিয়াস আলীকে অবিলম্বে তার পরিবারের কাছে ফেরত দেয়ার দাবি জানান।”
তিনি সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “অবিলম্বে বিএনপর সব নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে।”
