ঢাকা : নিউজডেস্ক : সরকার মনে করছে, শীর্ষ নেতাদের জেলে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এটা সমস্যা সমাধানের সঠিক পথ নয়। সরকারের উচিত আমাদের দাবি মেনে নেওয়া। তা হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ মন্তব্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর। ১৮ দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন বুধবার সকাল সাড়ে ন’টার পরসংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় হামলা-মামলা-গ্রেফতার করে বিরোধী দলের আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করে দুদু্ বলেন, “গ্রেফতার করেছে, আরো হয়তো করবে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা গ্রেফতার হবেন, তাদের অনুপস্থিতিতে জনগণই এগিয়ে আসবে। নতুন নেতৃত্ব তৈরি হবে। বিএনপিকে নেতৃত্ব শূন্য করা যাবে ন।” তিনি বলেন, “রাস্তায় পিকেটিং হোক বা না হোক মানুষ দোকান-পাট বন্ধ রেখেছে। গাড়িঘোড়া চলছে না। এতেই প্রমাণ হয়, এ সরকারকে জনগণ অনাস্থা জানিয়েছে।” দুদু বলেন, “আমাদের নেত্রী বলেছেন কেয়ারটেকারের অধীনে নির্বাচন দিলে প্রকৃত জনমত যাচাই হবে। তাই কেয়ারটেকার ব্যবস্থা পুনর্বহাল করলেই সব সমস্যার সমাধান।” তিনি বলেন, “আমাদের নেতাকর্মীদের মুক্তি ও তাদের নামে দেওয়া সব মামলা প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও সরকারের পদত্যাগ দাবি এবং গণহত্যার প্রতিবাদে আমরা আন্দোলন করছি।” স্বত:স্ফূর্তভাবে হরতাল পালন করছে বলে জনসাধারণকে ধন্যবাদ জানান তিনি।
