ঢাকা : ২৯১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার রাতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনটির সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ৩ সেপ্টেম্বর আব্দুল কাদের ভূইয়া জুয়েলকে সভাপতি ও হাবিবুর রশিদ হাবিবকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।নতুন কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি জুয়েল আগের কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। আর হাবিব ছিলেন ঢাকা দক্ষিণের সর্বশেষ কমিটির সভাপতি।
১৯৭৯ সালে গঠিত এই ছাত্রসংগঠনের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০০৯ সালের ১ জুলাই। ওই সময় সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পান সুলতান সালাউদ্দিন টুকু ও আমিরুল ইসলাম খান আলীম। পরে ২০১০ সালের ১ জানুয়ারি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন খালেদা জিয়া। এর এক বছরের মাথায় ওই কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন কমিটি হলো তারও দেড় বছর পর। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়।
