নিউজডেস্ক : বিরোধী দলকে নির্বাচন নিয়ে আলোচনা করতে হলে শর্তহীনভাবে আসতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, “যারা পরীক্ষার মধ্যে হরতাল দেয়, ফিসপ্লেট খুলে ট্রেনের ঘুমন্ত মানুষ হত্যা করে, বাসে-ট্রাকে আগুন দিয়ে মানুষ খুন করে, তারা দেশপ্রেমিক নয়, তারা অপরাধী।
তাদের মুক্তি না দিলে বিএনপি আলোচনায় বসবে না, এটি হাস্যকর। বিরোধী দলকে নির্বাচন নিয়ে আলোচনা করতে হলে শর্তহীনভাবে আসতে হবে।” ইনু বলেন, “আমরা দুই-আড়াই বছর ধরে নির্বাচন নিয়ে আলোচনায় বসার কথা বলে আসছি। কিন্তু এটা নিয়ে বিরোধী দলের কোনো মাথা ব্যথা নেই। আসলে খালেদা জিয়া নির্বাচন চান না। তিনি দেশে নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি সেনাবাহিনীকে উস্কানি দিয়ে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার কাজে ব্যস্ত।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, নারী জোটের আহবায়ক আফরোজা হক রিনা, ভেড়ামারা পৌর মেয়র শামীমুল ইসলাম ছানা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।
