বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব: আইন প্রতিমন্ত্রী

ঢাকা :  হরতালের নামে ‘সন্ত্রাসের পথ’ পরিহার করে সংসদের আগামী অধিবেশনে এসে পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে ১৮ দলীয় জোটের হরতালের প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের ব্যানারে অনুষ্ঠিত হরতালবিরোধী মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
আইন প্রতিমন্ত্রী বলেন, হরতালের নামে সন্ত্রাসী কর্মকা- করে সরকারকে আইন প্রয়োগে বাধ্য করা হচ্ছে। ভবিষ্যতে সরকারকে আরো কঠোর হতে বাধ্য করবেন না। যে সকল গণমাধ্যম উস্কানি দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের আহ্বায়ক আব্দুল হক সবুজ প্রমুখ।