ঢাকা, ৮ এপ্রিল: লংমার্চে
আসতে বাধা, ব্লগে আল্লাহ, নবী মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তিকারীদের
সর্বোচ্চ শাস্তির দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সোমবারের
সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
হরতালের সমর্থনে আজ সোমবার সকালে রাজধানীর রায়েরবাগ এলাকায় মিছিলের চেষ্টা
করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তবে পুলিশের বাধায় খুব বেশি দূর যেতে
পারেনি মিছিলটি।
এ ব্যাপারে হেফাজতের কয়েকজন কর্মী অভিযোগ করে বলেন, হরতালের সমর্থনে
সকাল পৌনে সাতটায় মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ
রাস্তা থেকে সরিয়ে দেয় তাদের। পরে তারা বাধ্য হয়ে অন্য জায়গায় অবস্থান নেন।
তবে পুলিশ বাধা দেয়ার বিষয়টি অস্বীকার করেছে।
অপরদিকে রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ
রোডে হরতালের সমর্থনে অবরোধ করে সমাবেশ করছে হেফাজতে ইসলামের কর্মীরা।
সোমবার ফজরের পর থেকে এ অবরোধ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে সাত মসজিদ এলাকায় অবস্থিত
আল্লাহ করিম জামে মসজিদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু
করে হেফাজত কর্মীরা। এ সময় হরতাল সমর্থনকারীরা ১৩ দফা দাবি বাস্তবায়ন ও
নাস্তিক ব্লগারদের শাস্তির জন্য স্লোগান দিতে থাকে। যে কোন ধরনের নাশকতা
এড়াতে ওই এলাকায় পুলিশ ও র্যাব সর্তক অবস্থায় রয়েছে।
সমাবেশে বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানার ছাত্র শিক্ষকসহ উল্লেখযোগ্য
সংখ্যক নেতাকর্মী উপস্থিত রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে কোনো
অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হেফাজত কর্মীদের অবস্থান চলছে শান্তিপূর্ণভাবে। তারা
জোহর নামাজের পূর্ব পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ০৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত সমাবেশ থেকে হরতালের এ কর্মসূচি ঘোষণা করা হয়।
