রবিবার, ২১ এপ্রিল, ২০১৩

বিএনপির শীর্ষ ১০ নেতার জামিন আবেদনের শুনানি শেষ

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপিসহ বিএনপির শীর্ষ ১০ নেতার জামিন আবেদনের শুনানি সকাল পৌনে ১১টায় শেষ হয়েছে।
এর আগে রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ১০ নেতার পক্ষে ৭টি মামলায় জামিনের জন্য করা ১৯টি আবেদনের ওপর শুনানি শুরু হয়। এ বিষয়ে আদালত পরে আদেশ দেবেন বলে জানা গেছে।
এদিকে, জামিনের আবেদন করা নেতারা হলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমপি, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলু, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এমপি এবং যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
আসামীপক্ষে শুনানিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও জয়নাল আবেদীন।
গত ৯ এপ্রিল ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ শীর্ষ নেতাদের জামিনের জন্য এ আবেদনগুলো করা হয়েছিল। ওইদিন সংশ্লিষ্ট আদালতের বিচারক মো: জহুরুল হক আবেদনগুলোর ওপর শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন।
বিএনপির অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, গত ৭ এপ্রিল বিএনপির এ শীর্ষ নেতারা পৃথক ৭টি মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২ ও ৬ মার্চ ঢাকার নয়াপল্টন, শান্তিনগর, মালিবাগ, বেইলী রোড, ভিকারুননিসা নূন স্কুলের রাস্তায় ও শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকায় ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিষ্ফোরণের ঘটনায় বিএনপি নেতাদের নামে মামলাগুলো দায়ের হয়।