রবিবার, ৭ এপ্রিল, ২০১৩

৩৬ ঘণ্টা হরতালের ডাক দিল বিএনপিসহ ১৮ দল

ঢাকা, ডেস্ক রিপোর্ট: এপ্রিল সকাল ৬টা থেকে ১০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ গ্রেপ্তারকৃত সকল দলীয় নেতাকর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের দাবিসহ বিভিন্ন দাবিতে এ হরতাল ডাকা হল।
রোববার বিকেলে দলীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ এ ঘোষণা দেন। শনিবার হেফাজতে ইসলাম আগামীকাল সোমবার হরতালের ডাক দেয়। ফলে সোম, মঙ্গল ও বুধ তিনদিন হরতালের ফাঁদে পড়ল দেশ।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে হরতাল ডাকা হল। এ ছাড়া আগামী ১০ এপ্রিল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ডাকা সমাবেশ স্থগিত করেছে বিএনপি।
সংবাদ ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তার, নির্যাতন, খুন, গুম এবং মার্শাল ল দিয়েও অতীতের সরকার তাদের শাসন দীর্ঘায়িত করতে পারেননি। এই সরকারও ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। তিনি বলেন, এর আগে সরকার ১৫৪ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। এ খবরে বিশ্ব এবং দেশীয় গণমাধ্যম নিন্দা জানিয়েছে। তিনি আরও বলেন, শেয়ারবাজার, ডেসটিনি, বিসমিল্লাহ গ্রুপসহ সরকারের নেতাদের দুর্নীতির কথা দেশবাসী জানে। দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে জনজীবন আজ বিপর্যস্ত। এসব থেকে দেশবাসীর দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার গ্রেপ্তার নির্যাতনের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, এটা আওয়ামী লীগের নতুন মোড়কে পুরোনো রাজনীতির কৌশল। এর পরেই তিনি ৩৬ ঘণ্টা টানা হরতালের ডাক দেন।
বিকেলের দিকে রাজধানীর পল্টন, রমনা ও শাহজাহানপুর থানার পৃথক সাতটি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনের জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর পরই বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেওয়া হলো।
তবে শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় ১০ এপ্রিলের সমাবেশ স্থগিত করে ৯ ও ১০ এপ্রিল টানা হরতাল আহ্বানের পক্ষে বিএনপি অবস্থান নেয়। এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রোববার জোটের সঙ্গে আলোচনার পর তা ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছিল। জোট অপেক্ষা করছিল আদালতের রায়ের উপর।