সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

জামায়াত নিষিদ্ধ সময়ের ব্যাপার মাত্র : আইন প্রতিমন্ত্রী

নিউজডেস্ক :  জামায়াত নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। যথাযথ আইন প্রক্রিয়ার মাধ্যমেই জামায়াত নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।  তিনি বলেন, “জামায়াত নিষিদ্ধ এখন সময়সাপেক্ষ ব্যাপার মাত্র। আপনারা অপেক্ষা করুন, দেখতে পাবেন।” সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে অ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ সব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বাসা লক্ষ করে ককটেল ছোড়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।


সমাবেশে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, “বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। রাস্তায়, গাড়িতে, বাসে বোমা হামলার পর এখন নেতাদের বাসায় হামলা করছে। বাংলাদেশ রাষ্ট্রকে বিকল করে দিয়ে এরা তালেবানি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে। ভবিষ্যৎ উত্তরাধিকারীদের ধ্বংস করতে চাইছে। তাই, পরীক্ষার মধ্যে একের পর এক হরতাল দিচ্ছে। আন্দোলন, সংগ্রাম, হরতাল করে সময়ক্ষেপণ করবেন না। আলোচনা করুন। তা না হলে আপনাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

তিনি নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া অন্য কোনো উপায় নেই।” মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, জাসদের সাধারণ সম্পাদক শহীদ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।