মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে রক্ষা করুন - এমকে আনোয়ার

ঢাকা : সরকার স্বৈরাচারী কায়দায় বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রীকে জনতার আদালতে বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আর সময় বেশি পাবেন না। দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। প্রতিটি ঘরে প্রতিবাদ, দুর্গ গড়ে উঠেছে। আপনি কোনোভাবেই এই প্রতিরোধকে সংবাদপত্রকে রিমান্ড, মামলা দিয়ে প্রতিহত করতে পারবেন না।’
প্রধানমন্ত্রী ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছেন এ মন্তব্য করে এমকে আনোয়ার বলেন, সরকার স্বৈরাচারী কায়দায় বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রীকে জনতার আদালতে বিচার করা হবে।
ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে এম কে আনোয়ার বলেন, “টিআইবি-সিপিডিও বলেছে, দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না। সরকারকে বলব, এখনো সময় আছে, দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবেন না। জনগণের দাবি অনুযায়ী নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে সহিংসতার হাত থেকে রক্ষা করুন।”
এছাড়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে মাহমুদুর রহমানকে আটক রেখেছে সরকার। একই সঙ্গে আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধেরও সমালোচনা করেন তিনি।
শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের সভাপতি অধ্যাপক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্ধালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. সদরুল আমিন, সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ, বিএফইউজের সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী প্রমুখ।