বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

ক্ষমতায় যাওয়ার জন্যে বিরোধী দল উন্মাদ হয়ে গেছে- প্রধানমন্ত্রী

ঢাকা : আওয়ামী লীগ সভাপনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্যে উন্মাদ হয়ে গেছে বিরোধী দল। তারা মানুষ হত্যা করছে, রেললাইন উপড়ে ফেলছে, বিদ্যুৎ কেন্দ্র-গাড়ি পোড়াচ্ছে। তারা যা করছে তা কোনো সুস্থ মানুষ করতে পারে না।
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান বিরোধী দল বিএনপিকে উদ্দেশ করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমি বিরোধীদলীয় নেতাকে বলছি, যতোই মানুষ হত্যা করেন, অরাজকতা সৃষ্টি করেন; যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবেন না। আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, শেষও করবো। ক্ষমতায় যাওয়ার মোহে ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতেই বিএনপি-জামায়াত গণবিরোধী এসব কর্মকাণ্ড শুরু করেছে ।
ফটিকছড়িতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তারা যেনো আর কোথাও এমন নৈরাজ্য করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা যেনো কোথাও এ ধরনের অরাজকতা সৃষ্টি করার আগে মসজিদের মাইক ও মাদ্রাসা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।
এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এ ছাড়াও সংশিষ্ট জেলা প্রশাসক, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অনেকে উপস্থিত ছিলেন।