বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সম্মেলন করবে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’

ঢাকা: দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বুদ্ধিজীবীদের অংশগ্রহণে জাতীয় সম্মেলনের ডাক দিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিদের সংগঠন “রুখে দাঁড়াও বাংলাদেশ।“ ২০ এপ্রিল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।।বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি সারওয়ার আলী। দাবি আদায়ে দেশের বিভাগীয় শহরগুলোতেও সম্মেলন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
জামায়াতের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি এ সংগঠনের অন্যান্য দাবিগুলো হচ্ছে- মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নাও, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করো, মুক্তচিন্তার পথ খোলা রাখো,সাম্প্রতিক সহিংসতা প্রতিহত করো ও আক্রান্তদের পাশে দাঁড়াও, তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা প্রতিহত করো ও নারীর অধিকার সমুন্নত রাখো।
সংবাদ সম্মেলনে উপস্থিত আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, সাংগঠনিকভাবে জামায়াত সবার সামনে এদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এদের সাম্প্রতিক তান্ডবের লক্ষ্যবস্তু এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, উপসনালয় এবং নারী।বাংলাদেশের প্রতীক জাতীয় পতাকা ছিঁড়ে, স্বাধীনতার প্রতীক শহীদ মিনার ভেঙে ফেলার দুঃসাহস দেখিয়েছে। জামায়াতের বিশ্বাসঘাতকতা ক্ষমার অযোগ্য।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী, সম্মিলিত সামাজিক আন্দোলনের জিয়াউদ্দিন তারিক আলী ও মো. এ আরাফাত প্রমুখ।