বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩

সংলাপে আন্তরিক নয় সরকার : ফখরুল

নিউজডেস্ক : সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে এ অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, “আমরা সংলাপের ব্যাপারে সরকারকে বার বার বললেও সরকার এ ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না। সরকারের শুভ বুদ্ধি থাকলে গুরুত্ব দিতো।”

সোমবার, ২৭ মে, ২০১৩

তারেকের গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক আশ্রয়ে আছেন, পাঠানোর প্রশ্নই ওঠে না : ইমিগ্রেশন বিশেষজ্ঞ

নিউজডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতারে জারি করা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার বিকাল ৩ টায় ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের আদেশের কপিসহ এ পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালতের একটি সূত্র সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজলের আবেদনক্রমে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. মোজাম্মেল হক এ পরোয়ানা জারি করেন।

বুধবার সারাদেশে ১৮ দলের হরতাল

নিউজডেস্ক : তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বুধবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ১৮ দলীয় জোটের বৈঠকে হরতালের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বৈঠক শেষে ড. মঈন খান সাংবাদিকদের বলেন, সরকার দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করা সত্ত্বেও বিএনপি গণতান্ত্রিকভাবে রাজনীতি করে আসছে। সরকার যেভাবে বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা, গুম, মিথ্যা-মামলা ও নির্যাতন চালাচ্ছে তাতে গণতান্ত্রিকভাবে রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে। এতো অত্যাচার নির্যাতনের পরও বিএনপি ধৈয্যের পরিচয় দিচ্ছে এবং গণতান্ত্রিকভাবে রাজনীতি করার চেষ্টা করছে।

কারাগারে এমকে আনোয়ার


নিউজডেস্ক : সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট (সিএমএম)হারুন অর রশিদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাইকোর্ট থেকে নেওয়া দু’সপ্তাহের জামিন শেষে এদিন সিএমএম আদালতে আত্মসমর্পণ করে আরো জামিনের আবেদন করেন আনোয়ার। কিন্তু বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে এমকে আনোয়ারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার, ২৪ মে, ২০১৩

মওদুদের কুশপুতুলে যুবদলের জুতা, আগুন

নিউজডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কুশপুতুল পুড়িয়েছে পল্টন থানা যুবদলের কর্মীরা। তার আগে তার ছবি সম্বলিত কুশপুতুলটিকে জুতাপেটা করেছে তারা। জিয়াউর রহমানকে কর্নেল তাহেরের খুনি হিসেবে সাক্ষী দেওয়ার প্রতিবাদে শুক্রবার বেলা পৌনে একটার দিকে নয়াপল্টনে স্কাউট মার্কেটের সামনে এই কুশপুতুল পোড়ানোর ঘটনা ঘটে। কোট পরানো কুশপুতুলটির মাথার স্থানে মওদুদের আলোকচিত্র এবং বুকে ‘জিয়াকে খুনি হিসেবে সাক্ষী দানকারী দালাল মওদুদের বিচার চাই’ লেখা দেখা গেছে। কুশপুতুল পোড়ানো শেষে ‘মওদুদের দ‍ুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দিতে দিতে কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। 

রোববার সারাদেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল

নিউজডেস্ক : রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় ঐক্যজোট। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য শামসুজ্জামান দুদু এ ঘোষণা দেন। তিনি জানান, বিরোধী দলের কারান্তরীণ সব নেতাকর্মীর মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও বর্তমান সরকারের পদত্যাগের দাবি  এবং সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এ হরতাল করবে। দুদু বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাদের সম্পর্কে কড়া কড়া কথা বলেছেন। প্রধানমন্ত্রীর ভাব-ভঙ্গিতে মনে হয়েছে তিনি তাদের নিয়ে উপহাস করেছেন। কিন্তু আমি প্রধানমন্ত্রীকে দক্ষ ও বুদ্ধিমতী মনে করি।”

বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩

সরকার সংলাপের সম্ভাবনা নস্যাৎ করছে : শামসুজ্জামান দুদু

নিউজডেস্ক : বিরোধী দলের নেতা-কর্মীদের আটকের মধ্য দিয়ে সরকার সংলাপের সম্ভাবনা নস্যাৎ করছে বলে অভিযোগ করেছে বিএনপি। জামিনের মুক্তির পরপরই দলের কেন্দ্রীয় তিন নেতাকে পুনরায় গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “দেশের মানুষের আশা ছিলো সংলাপ হবে। প্রধানমন্ত্রী সংলাপের সেই আশা গুঁড়ে বালি করে দিয়েছেন।” আগামী নির্বাচন নিয়ে বিপরীত অবস্থানে থাকা দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংলাপের আলোচনা এই মাসের শুরু থেকে চলছে। নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত বিরোধী দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের আহ্বান জানান মাসের প্রথম সপ্তাহে। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি মানতে সরকারকে আহ্বান জানান। তবে প্রধানমন্ত্রী বলেছেন, তত্ত্বাবধায়ক পদ্ধতি আর কোনোভাবেই দেশে ফিরবে না।