বুধবার, ১২ জুন, ২০১৩

বিএনপির সমাবেশ

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার বিএনপি’র আয়োজিত (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। বেলা তিনটায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু করেন। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পুনঃপ্রত্যাবর্তন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা ও বিরোধী দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ব্যর্থ সরকারের পদত্যাগের’ দাবিতে ঢাকা মহানগর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। সমাবেশ শুরু হওয়ার আগেই মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে আসতে শুরু করেন। এ সময় তারা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার, পোস্টার ও রংবেরংয়ের ফেস্টুন বহন করেন। ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,  বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব সহ বিএনপি ও বিএনপির সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।